চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এসি বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম মিশকাত, তিনি বাঁশখালীর বাহারচরা ইউনিয়নের বাসিন্দা। এর আগে একই ঘটনায় পতেঙ্গার শওকত ওসমান (৩৫) মারা যান।
গত সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চমেক হাসপাতালের ৭ম তলার গাইনি ওয়ার্ডে এসি মেরামতের সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পিডিবির আউটসোর্সিং টেকনিশিয়ান শওকত, মিশকাত ও শাখাওয়াত গুরুতর দগ্ধ হন।
দগ্ধ তিনজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ঘটনার দিনই গুরুতর দগ্ধ শওকত মারা যান। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিশকাত। আরেকজন টেকনিশিয়ান শাখাওয়াত এখনও সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান,“এসি মেরামতের সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিস্ফোরণ ঘটে। এতে তিনজন দগ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে, অপরজনের অবস্থা আশঙ্কাজনক।”
হাসপাতাল সূত্র জানায়, বিস্ফোরণের সময় এসির বক্সে হঠাৎ স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই আগুন ধরে যায়। এতে কর্মরত তিনজন দগ্ধ হন।
চমেক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দেবে।
আর এইচ/
