চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৮০ রাউন্ড তাজা গুলি, একটি বৈদ্যুতিক স্টান গান, একটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল, ইয়াবা ও একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের ৯ নম্বর সড়কে অভিযান পরিচালনা করেন এসআই মো. ইকবাল হোসেন।
গ্রেপ্তার দুইজন হলেন:ফটিকছড়ির জাহানপুর এলাকার মৃত আবুল হাসেমের ছেলে মো. শাহজাহান (৪৫), হাটহাজারীর উত্তর মাদার্শার মৃত মো. মুছা ছেলে মো. লোকমান (৪৫)।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আর এইচ/
