চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) অ্যাডামস ক্যাপ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট এবং বাংলাদেশ নৌবাহিনীর পাঁচটি ইউনিট। উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুটি প্লাটুনও।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, আগুন নিয়ন্ত্রণে নৌবাহিনীর পাঁচটি ইউনিট মাঠে কাজ করছে।
এর আগে দুপুর ২টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, খবর পাওয়ার পর ইপিজেড, আগ্রাবাদ ও বায়েজিদের ১৫টি ইউনিট ঘটনাস্থলে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বহুতল ভবনের ওপরের তলায় আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কারখানায় কত শ্রমিক ছিলেন বা কেউ আটকা পড়েছেন কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামির হোসেন জিয়া জানান, কারখানার সাততলা ও আটতলা ভবন গোডাউন হিসেবে ব্যবহার করা হচ্ছিল এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপপরিচালক মো. জসিম উদ্দিন বলেন, “আমরা ভবনটির ৬ ও ৭ তলা থেকে ধোঁয়ায় আটকে পড়া ২৫ জনকে উদ্ধার করেছি। সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে।”
তিনি আরও জানান, আটতলায় থাকা শ্রমিকদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে সেখানে আর কেউ আটকা নেই।
আর এইচ/
