চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে অবস্থিত ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ নামের একটি কারখানায় এ আগুন লাগে।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা।
এ বিষয়ে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামির হোসেন জিয়া জানান, কারখানার সাততলা ও আটতলা ভবন গোডাউন হিসেবে ব্যবহৃত হচ্ছিল, এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপপরিচালক মো. জসিম উদ্দিন বলেন ,আমরা ভবনটির ৬ ও ৭ তলায় আটকে পড়া ২৫ জনকে উদ্ধার করেছি। তারা ধোঁয়ায় আটকা পড়েছিল। আমরা তাদের নিরাপদে সরিয়ে এনেছি।’
তিনি আরও বলেন, ‘আটতলায় যারা ছিল তারা জানিয়েছে সেখানে আর কেউ নেই। সবাই নিরাপদে নেমে এসেছে।’
আর এইচ/
