চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ারের একটি ফ্লাইটের দুই যাত্রীর ব্যাগ থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ করেছে কাস্টমস ও গোয়েন্দা সংস্থা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ফ্লাইট OV401-এর দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৫৩৬ কার্টন বিদেশি সিগারেট ও ৮টি স্মার্টফোন জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ২৩ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
আটক যাত্রীরা হলেন চট্টগ্রামের রাউজানের দিলিপ দাশ ও ফটিকছড়ির মোহাম্মদ সেলিম।
সেলিমের ব্যাগেজ থেকে পাওয়া গেছে ২৬৬ কার্টন সিগারেট ও ৪টি গুগল পিক্সেল স্মার্টফোন।
অন্যদিকে, দিলিপ দাশের ব্যাগে পাওয়া গেছে ২৭০ কার্টন সিগারেট, ২টি গুগল পিক্সেল ও ২টি সনি এক্সপেরিয়া স্মার্টফোন।
তদন্তে জানা যায়, তারা ‘ফ্রিকোয়েন্ট ট্রাভেলার’ হওয়ায় এবং ব্যাগেজ বিধিমালা ২০২৫ অনুযায়ী এ ধরনের পণ্য নিয়ন্ত্রিত আমদানির আওতায় পড়ায় পণ্যগুলো ডিপার্টমেন্টাল মুভমেন্ট (DM) মূলে আটক করা হয়।
তবে যাত্রীদের বিরুদ্ধে কোনো মামলা না করে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা।
আরএইচ/
