পরীক্ষায় নকলের অভিযোগে শিক্ষকের বকুনির পর অভিমান করে আনোয়ারা মেরিন একাডেমির এক ক্যাডেট তৃতীয় তলা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ১টার দিকে আনোয়ারা থানাধীন জলদিয়া এলাকার মেরিন একাডেমিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সপ্তম বর্ষের ক্যাডেট মো. মুশফিক (১৩) পরীক্ষার সময় নকলের অভিযোগে এক শিক্ষক তাকে বকাঝকা করেন। এরপর অভিমান করে তিনি একাডেমির তৃতীয় তলার জানালার পাশ থেকে নিচে লাফ দেন।
সহপাঠী ও কর্তৃপক্ষ দ্রুত তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ২ নম্বর ক্যাজুয়ালটিতে ভর্তি করেন। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঘটনার পর একাডেমি কর্তৃপক্ষ ও পুলিশ বিষয়টি তদন্ত করছে।
আর এইচ/
