চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অমোচনীয় কালি না থাকার অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দীন। তিনি জানিয়েছেন, দেশে যে ধরনের কালি পাওয়া গেছে, সেটিই নির্বাচন কমিশন ব্যবহার করছে।
বুধবার ভোট গ্রহণ চলাকালে সাংবাদিকদের তিনি বলেন,“শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন, এটি আমাদের জন্য সৌভাগ্যের বিষয়।”
অমোচনীয় কালি প্রসঙ্গে তিনি বলেন,“আমরা বিভিন্ন জায়গায় চেষ্টা করেছি অমোচনীয় কালি সংগ্রহের জন্য। জাতীয় নির্বাচন কমিশন থেকে আমাদের জানানো হয়েছে, নির্বাচনে যে কালি ব্যবহার করা হয় তা প্রতিবছর নির্বাচনের আগে জার্মানি থেকে আনা হয় এবং নির্বাচন শেষে অবশিষ্ট কালি ফেরত দেওয়া হয়—এটাই প্রটোকল।”
তিনি আরও বলেন,“ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো আমাদেরও একই সমস্যা হয়েছে। দায়সারা ভাবে নয়, বরং যাচাই করে আমরা যে কালি পেয়েছি সেটিই ব্যবহার করেছি।”
জাতীয় সক্ষমতার ঘাটতির কথা উল্লেখ করে তিনি বলেন,“এটি আমাদের জাতীয় অক্ষমতা। দেশে এর চেয়ে উন্নত কালি পাইনি। যা পেয়েছি তাই ব্যবহার করেছি। কালি নিয়ে বিতর্ক থাকলেও ভোটগ্রহণ চলবে।”
আর এইচ/
