চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অভিদাশ (৩৫) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে চিকনদণ্ডী ইউনিয়নের চৌধুরীহাটের দাতারাম সড়কে এ ঘটনা ঘটে। নিহত অভিদাশ ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মিন্টু দাসের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, রাতের দিকে দাতারাম সড়কের একটি ফুলের দোকানের সামনে কয়েকজন দুর্বৃত্তের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে ধস্তাধস্তির সময় দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে অভিদাশের ওপর হামলা চালায়। এসময় তাকে সাহায্য করতে গেলে তার সহপাঠী তানিমও গুরুতর আহত হন।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি কাছাকাছি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। চমেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক অভিদাশকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তানিম বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া রাত ৯টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা ঘটনাস্থলে আছি। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।”
আর এইচ/
