মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অভিযান চালিয়ে বালু ভর্তি ৭টি ড্রাম ট্রাক জব্দ করেছে প্রশাসন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার শিল্প অঞ্চলের জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার।
অভিযান চলাকালে প্রায় ৪ হাজার ২০০ ঘনফুট বালু ভর্তি ৭টি ট্রাক জব্দ করা হয়। এ সময় সহযোগিতা করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কর্মকর্তা ও শিল্প জোন ফাঁড়ির পুলিশ সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত ট্রাকগুলো উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে। মালিক পাওয়া যায়নি, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
স্থানীয় সূত্রে জানা গেছে, অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
আর এইচ /
