চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার সার্সন রোড এলাকায় ছিনতাইয়ের ৮ ঘণ্টার মধ্যে স্বর্ণের চেইন ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ সময় ছিনতাইচক্রের তিন সদস্যকেও গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৪ অক্টোবর) কোতোয়ালী থানা প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার আলমগীর হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—মোহাম্মদ রিমন হোসেন (১৬), মোহাম্মদ আমির হোসেন লেদু (২২) এবং আলামিন (২৪)।
পুলিশ জানায়, গত ১২ অক্টোবর ভোরে হাঁটতে বের হওয়া এক নারী সার্সন রোড দিয়ে রিকশায় বাসায় ফেরার পথে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে গলা থেকে ১০ আনার স্বর্ণের চেইন ও হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ভুক্তভোগী চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার স্ত্রী।
চিৎকার শুনে আশপাশের টহল পুলিশ ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে ভিকটিম কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ ও সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) এর নেতৃত্বে একটি টিম গঠন করা হয়। অভিযানে অংশ নিয়ে মাত্র ৮ ঘণ্টার মধ্যেই ছিনতাইয়ের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়— ১০ আনার স্বর্ণের চেইন, একটি মোবাইল ফোন, ছিনতাই কাজে ব্যবহৃত একটি অটোরিকশা
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি দ্রুত বিচার আইনে মামলার প্রস্তুতি চলছে।
ডিসি আলমগীর হোসেন বলেন,“এই ঘটনায় প্রমাণ হয়েছে—সিএমপি অপরাধ দমন ও জননিরাপত্তায় সর্বদা সজাগ। আমরা জনগণকে অনুরোধ করব—এমন কোনো ঘটনা দেখলে সঙ্গে সঙ্গে থানায় জানাতে।”
