চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র সাইদুল ইসলাম সায়েম (১২) অপহরণের তিন ঘণ্টার মধ্যেই উদ্ধার হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে নগরীর কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজার তামাককুন্ডি এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া অপহরণকারী আল হাসান খান (২৪) পটিয়ার বড়লিয়া এলাকার বাসিন্দা ও ভিকটিম সায়েমের মামা।
পুলিশ জানায়, সকালে আল হাসান স্কুলে গিয়ে সায়েমের ক্লাস শিক্ষককে জানায়—তার দাদা মারা গেছেন। পরে ‘নতুন ব্যাগ কিনে দেওয়ার’ কথা বলে সায়েমকে সঙ্গে করে নিয়ে যায়। এরপর মেসেঞ্জারে শিশুটির ছবি পাঠিয়ে পরিবারের কাছে ৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। টাকা পাঠানোর পর পুলিশের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয়।
কর্ণফুলী থানার অপারেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত ছাত্রকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
আর এইচ/
