চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গাইনি ওয়ার্ডে এসির ভয়াবহ বিস্ফোরণে একজন টেকনিশিয়ান মারা গেছেন এবং দগ্ধ হয়েছেন আরও দুজন। নিহত টেকনিশিয়ানের নাম শওকত ওসমান (২৮), তিনি পতেঙ্গার বিজয় নগর এলাকার বাসিন্দা।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের ছয়তলা গাইনি ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহতসহ তিনজনই পিডিবির আউটসোর্সিং টেকনিশিয়ান ছিলেন। আহতদের নাম তানভীর ও মেসকাত, দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, “এসির বক্স লাইনে মেরামতের কাজ চলছিল। হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, এতে তিনজন দগ্ধ হন।”
তাঁদের তাৎক্ষণিকভাবে ক্যাজুয়ালটি বিভাগ হয়ে বার্ন ইউনিটে নেওয়া হয়। পরে জানা যায়, শওকত ওসমান ৭তলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে যায়, সঙ্গে মাথায়ও আঘাত পান। দুপুর ৩টায় আইসিইউতে তাঁর মৃত্যু হয়।
আরএইচ/
