চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ি এলাকায় বিশেষ অভিযানে ১৩২ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ অক্টোবর) সকাল ৬টা ৫৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রহিম। তাঁর নির্দেশনায় এসআই সৈয়দ ফকরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা যায়, ইসলামিয়া কলেজ মোড়স্থ সদরঘাট রোডের হাজী আহম্মদ হোসেন মার্কেট গলির ভিতরে পলাতক আসামি মো. রেজাউল করিমের মালিকানাধীন ভবনের ছাদের ওপর ভাড়াটিয়া সুবল দাশের (৪১) বসত ঘরে তল্লাশি চালানো হয়। সেখান থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৩২ বোতল (৯১ হাজার ৫০০ মিলিলিটার) ভারতীয় মদ জব্দ করা হয়।
অভিযানের সময় আসামি সুবল দাশ ও বাড়ির মালিক রেজাউল করিমসহ আরও দুই-তিনজন পুলিশ উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রহিম জানান, ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি। জব্দকৃত মদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আর এইচ/
