চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়নে পানিতে ডুবে মুহাম্মদ শাহ আলম অন্তর (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এমদাদ মেম্বার বাড়ির সামনের পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত অন্তর ওই এলাকার মুহাম্মদ মানিক ওরফে পুলিশ মানিকের ছেলে। সদ্য এইচএসসি পাস করে অনার্সে ভর্তি হওয়ার কথা ছিল তার।
পরিবার সূত্রে জানা যায়, জুমার নামাজে যাওয়ার আগে ছোটদের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে অন্তর। এসময় হঠাৎ পানিতে তলিয়ে যায় সে। শিশুদের চিৎকারে স্বজন ও স্থানীয়রা ছুটে এসে অনেক খোঁজাখুঁজির পর প্রায় আধা ঘণ্টা পর তাকে উদ্ধার করে নাজিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অন্তরকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই নাহিদ বলেন, “গতকালই অন্তর বাড়িতে আসে। অনার্সে ভর্তি হওয়ার কথা ছিল। অথচ আজ তাকে আমরা লাশ হিসেবে ঘরে নিতে হলো।”
আর এইচ/
