সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত সময়ের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে বলে জানিয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান, সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান।
রবিবার বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় বেতন কমিশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৈঠকে তিনি জানান, ছয় মাস সময় বেতন কাঠামো চূড়ান্তে নির্ধারণ করা হলেও তার আগেই প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি চলছে।
কমিশন চেয়ারম্যান বলেন, গত এক দশকে মূল্যস্ফীতি ও জিডিপি বাড়লেও সে অনুপাতে বেতন বাড়েনি। এজন্য সময়োপযোগী একটি বেতন কাঠামো প্রণয়নে কাজ চলছে। একই সঙ্গে বিশেষায়িত চাকরির জন্য আলাদা কাঠামো, আয়কর বিবেচনায় বেতন নির্ধারণ, বাড়িভাড়া-চিকিৎসা-যাতায়াত ভাতা হালনাগাদ, মূল্যস্ফীতির সঙ্গে বেতন সমন্বয়ের পদ্ধতি, সময়োপযোগী পেনশন ও অবসর সুবিধা প্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া ফোন, গাড়ি, মোবাইল ভাতা, নগদ ও রেশন সুবিধা যৌক্তিকীকরণ এবং বেতনের গ্রেড ও ইনক্রিমেন্টে অসংগতি দূরীকরণে সুপারিশ প্রণয়ন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি যৌক্তিক বেতন কাঠামো প্রণয়ন করতে হবে, যা বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। একই সঙ্গে তিনি স্বাস্থ্যবীমার ওপর বিশেষ জোর দেন। তার বক্তব্যে তিনি বলেন, “বেতন বাড়ালেও এক অসুখে অনেকে নিঃস্ব হয়ে যান। ইন্সুরেন্স থাকলে পরিবার নিশ্চিন্তে থাকতে পারে। প্রতিবেশী দেশগুলোতেও এ ধরনের মডেল চালু রয়েছে।”
উল্লেখ্য, এক দশক পর নতুন বেতন কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছে। কমিশন জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশ করবে।
আজকের বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান।
আর এইচ/
