জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আগামী জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে আয়োজনের দাবিতে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বাসায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আমির শফিকুর রহমান।
সভায় জামায়াতের সব নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সব সহকারী সেক্রেটারি জেনারেলসহ নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষ থেকে পাঠানো মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতারা জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়া ও তার আলোকে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ওপর জোর দেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের বিষয়ে জামায়াত তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
আর এইচ/
