চকরিয়া বিএনপির সম্মেলন ২৩ আগস্ট, নেতা কর্মীদের মাঝেে উৎসাহ উদ্দীপনা প্রস্তুত প্যান্ডেল ও মঞ্চ চলছে সাজসাজ রব কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল শনিবার (২৩আগস্ট) চকরিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় সাড়ে পাঁচ বছর পর এই সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ উল্লাসের সৃষ্টি হয়েছে । ইতোমধ্যে উপজেলাজুড়ে সাজসাজ রব উঠেছে।
উক্ত সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ও চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট হাসিনা আহমেদ। উক্ত নেতৃবৃন্দ উপস্থিত থাকার তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এনামুল হক। এছাড়া জেলা ও উপজেলার বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
চকরিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব এম মোবারক আলী জানান, এবারের সম্মেলনে চারটি সাংগঠনিক ইউনিটসহ ১৫ ইউনিয়নের এক হাজার ৬৫ জন কাউন্সিলর এবং উপজেলা কমিটি ও কো-অপ্ট থেকে আসা কাউন্সিলররা ভোট দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। সম্মেলন সফল করতে মূল প্রস্তুতি কমিটি ছাড়াও ১০টি উপকমিটি গঠন করা হয়েছে।
সম্মেলন প্রস্তুতি কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতা এ এম ওমর আলী বলেন, সর্বশেষ উপজেলা বিএনপির সম্মেলন হয়েছিল ২০২০ সালের ১২ মার্চ। সরকারি নানা বাঁধা ও মামলার মধ্যেও তা অনুষ্ঠিত হয়। এবার পরিস্থিতি ভিন্ন। আশা করছি, চকরিয়া উপজেলা ছাড়াও মাতামুহুরি ও পেকুয়া উপজেলা থেকে লক্ষাধিক নেতাকর্মী অংশ নিয়ে সম্মেলনকে স্মরণীয় করে তুলবে।
একাধিক কাউন্সিলরের সঙ্গে কথা বলে জানা গেছে, সভাপতি পদে লড়াই করতে পারেন জেলা বিএনপির সহসভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক,কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনছারুল হক বাবুল মিয়া ও চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজি।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন চকরিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব এম মোবারক আলী, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ এস এম মনজুর, চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি এ এম ওমর আলী (সাংবাদিক), চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জালাল সিকদার ও চকরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম ছাবু।
৫ আগস্টের পর চকরিয়া উপজেলা বিএনপির আগের আহবায়ক কমিটি বিলুপ্ত করে আবারও নতুন আহবায়ক কমিটি দেয়া হয়। উক্ত কমিটিতে আলহাজ্ব এনামুল হককে পূণরায় আহবায়ক সাবেক ছাত্রনেতা এম মোবারক আলীকে সদস্য সচিব করে আংশিক কমিটি দেয়া হয়। এ আহবায়ক কমিটি দুই সদস্যবিশিষ্ট ছিল। অর্থাৎ এ কমিটি কমিটি পূর্নাঙ্গ কমিটি ছাড়াই প্রায় এক বছর অতিবাহিত করে।
সম্মেলন ঘিরে চকরিয়া সরকারি কলেজ মাঠে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণের কাজ শেষ পর্যায়ে। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ও উপজেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে তোরণ তৈরির হিড়িক সৃষ্টি হয়েছে। অতিথিদের স্বাগত জানাতে চলছে ব্যাপক প্রস্তুতি। একই সঙ্গে সম্মেলন নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে, শান্তি শৃংখলা ও নিরাপত্তা বজায় রাখতে প্রশাসনের নজরদারি রয়েছে।
আর এইচ/
