এবারের এসএসসি পরীক্ষা ২০২৫ এ চট্টগ্রামের বোয়ালখালীতে বিভিন্ন বিভাগে (বিজ্ঞান,মানবিক, ব্যবসায় শিক্ষা, ভোকেশনাল ও মাদ্রাসা) পর্যায়ে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৬ জন কৃতি শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিকূলতাকে জয় করে অদম্য ইচ্ছা শক্তি নিয়ে এগিয়ে যাওয়া এমন ১৪ জন শিক্ষার্থীকে সন্মাননা ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ।
তিনি বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে শ্রেণিকক্ষে শিক্ষকদের নিয়মিত পদ্ধতিগত পাঠদানে মনোযোগ দিতে হবে।
শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই পড়ার মধ্যে পাসের সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের পরীক্ষা নির্ভরতা কমিয়ে মানসিক চাপ মুক্ত করতে সহায়তা করা শিক্ষকের একান্ত দায়িত্ব। আর একটা গুরত্বপূর্ণ বিষয় হলো দুর্বল শিক্ষার্থী বন্ধুদের প্রতি কখনো খারাপ আচরণ করা যাবে না। তারা যাতে ভালো হয় সেদিকে সাহায্য করতে হবে।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, উপজেলা প্রকৌশলী রনি সাহা, প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের, অভিভাবক মো. নুরুল আলম, শিক্ষার্থী – উর্মি আকতার মনিষা, অভিজিৎ ঘোষ ও সমাপ্তি দে।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, সাংবাদিক, অভিভাবক ও,শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।শেষে কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা,সম্মাননা ক্রেস্ট ও ৫ হাজার টাকা করে নগদ অর্থ এবং শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ।
আর এইচ/
