দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার (২০ জুলাই) ঢাকা সেনানিবাসে সেনা সদর নির্বাচনী পর্ষদ-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, ‘সেনাবাহিনী শুধু সীমান্ত রক্ষার দায়িত্বই পালন করছে না, দুর্যোগ মোকাবেলা ও অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষায়ও বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহায়তা দিচ্ছে।’
তিনি বেসামরিক প্রশাসনকে সহায়তায় দায়িত্ব পালনের জন্য সেনা সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্য, সৎ ও নেতৃত্বদক্ষ অফিসারদেরই উচ্চতর পদে পদোন্নতি দিতে হবে। প্রথম পর্বের এই নির্বাচনী পর্ষদে সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবির কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।
বক্তব্যে ড. ইউনূস ২০২৪ সালের জুলাই গণঅভ্যূত্থানে শহীদ ও আহত ছাত্র-জনতার প্রতি শ্রদ্ধা জানান।
এর আগে সেনাসদরে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।
আর এইচ/
