গত বছরের ১ জুলাই বাংলাদেশের রাজনীতিতে এক নাটকীয় পরিবর্তনের সূচনা হয়েছিল ‘কোটা সংস্কার আন্দোলন’-এর মাধ্যমে। শিক্ষার্থীদের এই আন্দোলন দ্রুতই ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’ রূপ নিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে। টানা ৩৬ দিনের এই আন্দোলনের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে দেশত্যাগ করতে হয়।
জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে অন্তর্বর্তী সরকারসহ বিএনপি, এনসিপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে। আজ থেকে শুরু হওয়া এই ৩৬ দিনের কর্মসূচি চলবে ৫ আগস্ট পর্যন্ত।
আজ উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। জুলাই ক্যালেন্ডার বিতরণ, খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর অভিযান ও ‘জুলাই শহীদ স্মরণে’ জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি চালু করা হবে।
বিএনপি ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’ স্মরণে ২২টি ভিন্নধর্মী আয়োজন করছে—বিজয় মিছিল, মৌন মিছিল, ছাত্র সমাবেশ, সেমিনার, রক্তদান, পথনাটক, শিশু অধিকার অনুষ্ঠান, ডেঙ্গু-করোনা প্রতিরোধ কার্যক্রমসহ নানা আয়োজন থাকছে। ১ জুলাই ঢাকায় ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা হবে, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হবেন।
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু হচ্ছে আজ রংপুর থেকে। আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে এই পদযাত্রা। ৩ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ ও ইশতেহার পাঠ, ১৬ জুলাই ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ এবং ৫ আগস্ট ‘ছাত্র-জনতার মুক্তি দিবস’ হিসেবে পালিত হবে।
আজ দেশব্যাপী গণসংযোগ শুরু করছে জামায়াত। ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ এবং ৫ আগস্ট দেশজুড়ে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঘোষিত এই ৩৬ দিনের কর্মসূচি শুধু স্মৃতিচারণ নয়, বরং আগামী দিনের রাজনীতিতে নতুন দিকনির্দেশনা হিসেবেও দেখা হচ্ছে।
আর এইচ/
