আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) ব্যালট প্রকল্পে ২০ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় এ অর্থ দিচ্ছে দেশটি।
বুধবার ( ১৮ জুন ) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইউএনডিপি ও অস্ট্রেলিয়ান হাইকমিশনের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর শেষে অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইলি বলেন, “বাংলাদেশের অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের অংশীদার হতে পেরে আমরা গর্বিত। নির্বাচন কমিশনের ব্যালট প্রকল্পে সরাসরি ২০ লাখ ডলার অনুদান দিচ্ছি। এই প্রকল্প স্বচ্ছতা ও টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারে ভূমিকা রাখবে।”
ইউএনডিপির বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জানান, “অস্ট্রেলিয়া প্রথম দাতা হিসেবে এই কর্মসূচিতে অংশ নিচ্ছে। আশা করি অন্যরাও যুক্ত হবে।”
ইসি সচিব মো. আখতার আহমেদ জানান, ব্যালট প্রকল্পের আওতায় মোট ১ কোটি ৮৫ লাখ ৩০ হাজার ডলারের সহায়তা আসবে। এর আওতায় নির্বাচন-সংক্রান্ত সক্ষমতা বৃদ্ধিসহ ১৬টি উপ-খাতে কাজ হবে। প্রকল্পটি চলবে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
আর এইচ/
