ড্রোন নির্মাতা হিসেবে খ্যাতি পাওয়া বাঁশখালীর তরুণ আশির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় পশ্চিম পুঁইছড়ি ২ নম্বর ওয়ার্ডের ইজ্জতিয়া স্কুলের সামনে এ সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হবে।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন জানান, প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তার সঙ্গে থাকবেন সংগঠনের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, সংগঠনের উপদেষ্টা ও সদস্যবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা।
ড্রোন নির্মাতা মোহাম্মদ আশির উদ্দিন বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের বাসিন্দা। সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সম্পন্ন করা আশির তার নিজ গ্রামে ‘এয়ারক্রাফট মেনটেইন্যান্স ল্যাব’ নামে মাত্র ১৫ বর্গফুটের একটি ল্যাব গড়ে তুলেছেন। ২০১৬ সাল থেকে শুরু করে তিনি তৈরি করেছেন প্রায় ৬ শতাধিক বিমান মডেল এবং এরইমধ্যে নিজ হাতে তৈরি করেছেন ১০টি ড্রোন।
ড্রোনগুলোর ওজন অনুযায়ী মূল্য নির্ধারণ করা হয়। ১০ কেজি ওজনের একটি ড্রোনের দাম ৩ থেকে ৪ লাখ টাকা পর্যন্ত হয়, আর ২০ কেজির বেশি ওজনের ড্রোন বিক্রি হয় ৬ লাখ টাকায়। প্রতিটি ড্রোন তৈরি করতে ৬ সদস্যের একটি টিমের ১০ থেকে ১৫ দিন সময় লাগে বলে জানান আশির উদ্দিন। তার উদ্ভাবনী কাজের স্বীকৃতি হিসেবে ইতোমধ্যে সামরিক বাহিনীর পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননাও পেয়েছেন তিনি।
আর এইচ/
