দেশে করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ রোধ এবং ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দফা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। পাশাপাশি শিক্ষকদের নেতৃত্বে শিক্ষার্থীদের সচেতনতা কার্যক্রমে সম্পৃক্ত করতে বলা হয়েছে।
রবিবার (১৫ জুন) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিটি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশে করোনার নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ছে। একই সঙ্গে ডেঙ্গু এবং অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকিও রয়েছে। এ অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী করণীয় ঠিক করতে ‘ডেঙ্গু সচেতনতা : ভবিষ্যতে করণীয়’ শীর্ষক সভার সুপারিশ বাস্তবায়নের জন্য এই নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় যেসব বিষয় বলা হয়েছে:
ডেঙ্গু প্রতিরোধে:
ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে প্রচারণা কার্যক্রম পরিচালনা করতে হবে।
করোনা প্রতিরোধে:নিয়মিত এবং প্রয়োজনমতো কমপক্ষে ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধুতে হবে।জনসমাগম এড়িয়ে চলতে হবে এবং বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে।করোনা উপসর্গ দেখা দিলে আক্রান্ত ব্যক্তির কাছ থেকে কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখতে হবে।অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। হাঁচি-কাশির সময় টিস্যু, রুমাল বা কনুই দিয়ে মুখ ঢেকে নিতে হবে।
মাউশি জানিয়েছে, নির্দেশনাগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সচেতন করে তুলতে শিক্ষক-শিক্ষিকাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
আর এইচ/
