কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তে পেছন থেকে একটি মালবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এতে সিএনজিতে থাকা চারজন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (১৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টানেলসংলগ্ন মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—মো. সাকি (২৫), আনিকা আক্তার (২৯), তার চার বছর বয়সী শিশু সন্তান জিহাম এবং সিএনজিচালক জাবেদ (৩৫)। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।
ঘটনার প্রত্যক্ষদর্শী আরোফিন সাজ্জাদ জানান, একটি মালবাহী ট্রাক আনোয়ারা থেকে পতেঙ্গার দিকে যাচ্ছিল। মোহাম্মদপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি পেছন থেকে সিএনজি ও মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কায় দুটি যানবাহনই দুমড়ে-মুচড়ে যায়। এরপর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
