চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পূর্ব এলাহাবাদ এলাকার তিন বাসিন্দাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র শান্তিবাহিনীর সদস্যরা। তবে দ্রুত অভিযানে নেমে অপহৃতদের উদ্ধার করতে সক্ষম হয় সেনাবাহিনী।
শুক্রবার (১৩ জুন) সকাল ৯টার দিকে চাইলাছড়ি এলাকার লেবু বাগানসংলগ্ন সওদাগর পাড়ায় এ অপহরণের ঘটনা ঘটে। অপহৃতরা হলেন স্থানীয় বাসিন্দা মো. হারুন (৭০) ও তার দুই ছেলে নোমান (২০) এবং মাঈম (১৫)।
সেনা সূত্র জানায়, আট সদস্যের একটি সশস্ত্র শান্তিবাহিনী দল হারুন ও তার দুই ছেলেকে জঙ্গলের ভিতর অপহরণ করে নিয়ে যায়। পরে অপহৃত নোমানকে মুক্তিপণের শর্তে পাঁচ লাখ টাকা আনার জন্য ছেড়ে দেয় অপহরণকারীরা।
নোমান ফিরে এসে দ্রুত ঘটনাটি চন্দনাইশ সেনা ক্যাম্পে জানান। খবর পেয়ে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ হাসান মুগ্ধর নেতৃত্বে ৩৬ সদস্যের একটি টহল দল অভিযান শুরু করে। সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ছয় ঘণ্টাব্যাপী সইন্নারঢালা, ধুচরি, স্বরবাথুলি ও ছইল্লাছড়ি এলাকায় অভিযান চালানো হয়।
প্রায় ১৮ থেকে ২০ কিলোমিটার এলাকা জুড়ে চালানো এই অভিযানে তিন দিক থেকে সন্ত্রাসীদের ঘিরে ফেলে সেনাবাহিনী। তাদের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা হারুন ও মাঈমকে রেখে জঙ্গলের ভিতরে পালিয়ে যায়।
পরে বিকেল সাড়ে ৫টার দিকে সেনাবাহিনীর সদস্যরা হারুন ও মাঈমকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
আর এইচ/
