ইরানে সাম্প্রতিক হামলার পর উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতিতে বিশ্বব্যাপী নিজেদের সব কূটনৈতিক মিশন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। সুইডেনের রাজধানী স্টকহোমে অবস্থিত ইসরায়েলি দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, “সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে বৈদেশিক মিশনগুলো আপাতত বন্ধ রাখা হচ্ছে। পাশাপাশি কনস্যুলার সেবা প্রদানও সাময়িকভাবে স্থগিত থাকবে।”
তবে এসব মিশন কতদিন বন্ধ থাকবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।
বিশ্লেষকদের মতে, ইরানের ওপর চালানো বড় ধরনের হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার শঙ্কায় এমন সিদ্ধান্ত নিয়েছে তেলআবিব। বিশেষ করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় দূতাবাস এবং কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিতে এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা এক ভয়াবহ রূপ নিয়েছে। আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এই সংকট শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ না থেকে বৈশ্বিক নিরাপত্তাকেও প্রভাবিত করতে পারে।
সূত্র: আল-জাজিরা
