কক্সবাজারের খুরুশকুল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবু বক্কর ছিদ্দিক বাবুল পুলিশের হাত থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ দিয়েছেন। রবিবার দুপুরে কাওয়ার পাড়া এলাকার একটি পুকুরে এই ঘটনা ঘটে, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, পুকুরে দাঁড়িয়ে বাবুল হাত জোর করে বলতে থাকেন, “কাল আমার মায়ের ফাতেহা, আমাকে ছেড়ে দেন। আমার মা মারা গেছেন।”
স্থানীয়রা জানান, বাবুলের মা ৯ মে মারা যান এবং ১২ মে তার কুলখানি হওয়ার কথা ছিল। কিন্তু এর একদিন আগে পুলিশ তাকে গ্রেপ্তার করতে আসে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানিয়েছেন, বাবুল জুলাই মাসের গণ অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্রদের দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। সেই সূত্রেই তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়দের সহায়তায় পুলিশ পুকুর থেকে বাবুলকে টেনে তুলে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
আর এইচ/
