“একটি গণতান্ত্রিক, জবাবদিহিতামূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে তরুণদেরই এগিয়ে আসতে হবে”— এমন মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সাঈদ আল নোমান।
বুধবার (৭ মে) চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের উদ্যোগে আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভাটি অনুষ্ঠিত হয় আগামী ১০ মে পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিতব্য “তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” সফল করার লক্ষ্যে।
সাঈদ আল নোমান বলেন, “চট্টগ্রাম থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই মাটিই জুলাই আন্দোলনের দ্বিতীয় শহীদ ছাত্রদলের তরুণ শহীদ ওয়াসিম আকরামের রক্তে রঞ্জিত। তাই চট্টগ্রাম থেকেই তারুণ্যের অধিকার আদায়ের এই সমাবেশ যুগান্তকারী ইতিহাস সৃষ্টি করবে বলে আমি বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “মহান স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে জুলাই আন্দোলন পর্যন্ত প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন তরুণদের হাত ধরেই সফলতা লাভ করেছে। সেই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণ নেতৃত্বের বিকাশ এবং রাষ্ট্রীয় কাঠামোয় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এই সমাবেশ আয়োজনের নির্দেশ দিয়েছেন।”
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মোশাররফ হোসেন ডিপ্টি।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মোশাররফ হোসেন ডিপ্টির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন— যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, কমিশনার শামসুল আলম, জসিম উদ্দিন জিয়া, মোশাররফ জামাল, আঁখি সুলতানা, শামসুন নাহার, রেজাউল করিম মিন্টু, মোঃ ছালেহ, কাফি মুন্না, রাজু খানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আর এইচ/
