চট্টগ্রামের চন্দনাইশে সেনাবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও নেশাজাত উপকরণ উদ্ধার করেছে। একই অভিযানে অবৈধভাবে পাহাড় কাটায় ব্যবহৃত ২টি স্কেভেটরও জব্দ করা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) রাতে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড ও ৪১নং লট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে চন্দনাইশ সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেক আসমার জয়ের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে স্কেভেটরের চালক পালিয়ে যায়। পরে স্কেভেটর দুটি জব্দ করা হয় এবং আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে ৪টি দেশীয় দা ও নেশাজাত দ্রব্য তৈরির উপকরণ উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাহাড় কাটা ও অবৈধ কার্যকলাপ রোধে সেনাবাহিনীর এমন পদক্ষেপকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।
আর এইচ/
