পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সারাদেশের মত চট্টগ্রামের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়েছে।
উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর;
চন্দনাইশ প্রতিনিধি ; উপজেলার দোহাজারী পৌরসভা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৬ টি মামলায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সোমবার (৩ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা। এ সময় মূল্য তালিকা না রাখা, ক্রয়মূল্যের রশিদ না থাকা ও অধিক মূল্যে পণ্য বিক্রি করায় ৬ টি দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় জরিমানা আদায় করা হয়েছে। রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে অভিযান অব্যাহত থাকবে।

বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালী পৌর সদরের যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন উপজেলা প্রশাসন। এ সময় বেশি দামে গরুর মাংস বিক্রির দায়ে এক মাংস বিক্রেতাকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ।
যৌথ এ অভিযানে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার, বোয়ালখালী সেনা ক্যাম্পের সদস্যরা ও পুলিশের একটি টিম।
ইউএনও মো.রহমত উল্লাহ বলেন, পৌর সদরের যানজট নিরসনে উপজেলা প্রশাসন সম্মিলিতভাবে অভিযান চালানো হয়েছে। এতে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে বসা ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। একই সাথে ব্যবসায়ীদের ও ক্রেতা সাধারণকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানানো হয়। এছাড়া সড়ক যানজটমুক্ত রাখতে যত্রতত্র পার্কিং না করার জন্য চালকদের বলা হয়েছে।
এ সময় বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বেশি দামে গরুর মাংস বিক্রি করায় ১০ হাজার টাকাসহ ৪টি পৃথক মামলায় ৪জনকে মোট ১৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

কাপ্তাই প্রতিনিধি:
পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে রাঙামাটির কাপ্তাই নতুনবাজারে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সোমবার দুপুর ১ টা হতে ২ টা পর্যন্ত কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রুহুল আমিন এই অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে দোকানীদের মূল্য তালিকা যথাযথভাবে হালনাগাদকরণ, ব্যাবসায়ীদের দ্রব্য ক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, বাজার অনুসন্ধানকারী কর্মকর্তা শিবলু বড়ুয়া সহ এইসময় থানা পুলিশের সদস্য ও নতুনবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চকরিয়া প্রতিনিধি; রমজান উপলক্ষে চকরিয়ায় নিত্যপন্যের বাজার নিয়ন্ত্রণ মাঠ তদারকি শুরু করেছেন উপজেলা প্রশাসন।
সোমবার (৩ মার্চ) বিকালে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে উপজেলা সদরের চিরিঙ্গা সোসাইটি কাঁচাবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে।
এসময় আদালত নিত্যপন্যের বাজারে পন্য মুল্য না থাকায় এবং ওজনে কারচুপিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি দোকান মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে।
ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান বলেন, পুরো রমজান মাস জুড়ে চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং জোরদার করা হবে।
এ সময় চকরিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম নিউজ/আর এইচ
