সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শীতলপুর এবং বাঁশবাড়িয়ায় পৃথক দুটি দুর্ঘটনায় তিনজন মারা গেছেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় এক মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে কেডিএস গ্রুপের একটি পণ্যবাহী গাড়ির নিচে ঢুকে যায়। এই ঘটনায় নিহত চান মিয়া (৫৫) ঢাকার দোহার থানার রাধানগর সিকদার বাড়ির মৃত দলিল উদ্দিনের ছেলে।
তবে তিনি সীতাকুণ্ডের মাদামবিবিরহাট নেভী রোডে অস্থায়ীভাবে বসবাস করেন।
বাঁশবাড়িয়া কোট্টা বাজার এলাকা অতিক্রমের সময় চট্টগ্রামমুখী একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি দোকানে ঢুকে যায়। এ সময় দোকানের সামনে থাকা কয়েকজন চাপা পড়লে নারীসহ দুজনের মৃত্যু হয়।
এলাকাবাসী জানায়, নিহতদের একজনের নাম মানিক সওদাগর (৫০)।তিনি ওই এলাকার একজন ব্যবসায়ী। অপরজনের নাম জানা যায়নি।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মুমিন বলেন, সড়ক দুর্ঘটনায় শীতলপুর চৌধুরীঘাটা ও বাঁশবাড়িয়া কোট্টা বাজার এলাকায় তিনজনের মৃত্যু হয়েছে।
আর এইচ/
