রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত মধ্যরাতের পর থেকে চট্টগ্রাম-ঢাকাসহ দেশের সব রুটে ট্রেন চলাচল বন্ধে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে যারা ট্রেন চলাচল বন্ধ থাকার খবর জানতেন না এবং অগ্রিম টিকেট কেটেছেন তারা বিপাকে পড়েছেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, সেখানে ট্রেনের অপেক্ষায় বসে আছেন অনেক যাত্রী।
সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ট্রেনের অপেক্ষায় শত শত যাত্রীকে বসে থাকতে দেখা গেছে। আজ ২৮ জানুয়ারি মঙ্গলবারের চট্টগ্রাম থেকে বিভিন্ন রুটে ট্রেনের সর্বমোট ৩৬৩৪টি টিকিট বিক্রি হয়েছিল বলে জানিয়েছে চট্টগ্রাম ষ্টেশন মাস্টার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আবু জাফর মজুমদার।
যাত্রীদের অভিযোগ রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ থাকবে সেটি জানতাম না। আমরা যারা অগ্রিম টিকিট কেটে গন্তব্যে যাওয়ার জন্য এসেছি-এসে দেখি ট্রেন চলে না। এখন পরিবার পরিজন নিয়ে এসেছি; কিভাবে যাবো চিন্তা করছি।
অনেক যাত্রী জানান, স্টেশনে এসে দেখি টিকিট বিক্রি হচ্ছে না। আবার দ্রুত গন্তব্যে যেতে হচ্ছে। সরকারের উচিত দ্রুত এ সমস্যার সমাধান করা।
এদিকে, রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটগুলোতে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে।
আরো পড়ুন ; রেল কর্মচারীদের কর্মবিরতি নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আবু জাফর মজুমদার চট্টগ্রাম নিউজকে বলেন, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে যাত্রীরা তাদের কেনা রেল টিকিটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে।
চট্টগ্রাম থেকে প্রতিদিন ভোর সাড়ে ৬টায় ঢাকাগামী সুর্বণ এক্সপ্রেস ছাড়া হয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোর সাড়ে ৬ থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি।
সকালে চট্টগ্রাম রেল ষ্টেশনে গিয়ে দেখা যায়, পুরো ষ্টেশন ফাঁকা। ট্রেন গুলো খালি দাঁড়িয়ে আছে। ষ্টেশনের ভেতরে যাত্রীরা এদিক ওদিক ছুটোছুটি করছেন। ট্রেন ধর্মঘটের কথা কেউ জানেনা। পরিবার পরিজন নিয়ে গন্তব্যে যাওয়ার জন্য স্টেশনে এসে ট্রেন ধর্মঘটের কথা শুনতে পেয়ে যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। এসময় অনেকেই ক্ষোভ ঝেড়েছেন।
সকাল ৮টা থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষায় বসে আছেন সাইফুল ইসলাম ও পরিবারের সদস্যরা। তিনি বলেন, অগ্রিম টিকিট কেটে ছিলাম। স্টেশনে এসে দেখি ট্রেন চলাচল বন্ধ। ট্রেন চালকদেরও আন্দোলন কারণে সাধারণ জনগণ কেন কষ্ট পাবে? এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ২৯ জানুয়ারি থেকে পরবর্তী ১০ দিনের টিকিট বিক্রি কার্যক্রম অব্যাহত রেখেছে রেলওয়ে।
মহানগর এক্সপ্রেসের টিকিট কেটেছেন মফিজুল ইসলাম। তিনি বলেন, কিট কেটেছি। এখন ষ্টেশনে এসে দেখি ট্রেন বন্ধ।
আরো পড়ুন : দেড় হাজার কোটি টাকায় কোরিয়া থেকে কেনা হচ্ছে রেলের ৩০ ইঞ্জিন
অন্যদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় অগ্রিম কাটা টিকিট ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। রেলপথ মন্ত্রণালয়ে বলছে, রানিং স্টাফদের দাবি বহুলাংশে মেনে নেওয়া সত্তে¡ও তারা তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি থেকে সরে আসেননি। এ কারণে রেলের যাত্রা বাতিল হলে আগে কেনা টিকিটের টাকা বাংলাদেশ রেলওয়ে থেকে ফেরত দেওয়া হবে।
অগ্রিম টিকিট কেটে বিপাকে পড়েছেন ব্যবসায়ী রহিম উল্লাহ। তিনিও দীর্ঘ সময় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছিলেন। পরে বাসে করে ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুধু নাজনিন সুলতানা কিংবা রহিম উলাহই নয় ট্রেন বন্ধে ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে আজ (মঙ্গলবার) সারা দেশে রেল যোগাযোগে বিঘ্ন ঘটছে।
রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে আজ (মঙ্গলবার) সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় এ পরিপ্রেক্ষিতে রেলের বিকল্প হিসাবে গুরুত্বপূর্ণ রেলরুটে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেটসহ দেশের রুটে ক্রয়কৃত রেলটিকিটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন। এসব স্থান হতে ঢাকাতে এই সার্ভিসের মাধ্যমে আসতে পারবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে।
আরো পড়ুন : রানিং স্টাফদের দাবিগুলো অনেকাংশে পূরণ করা হয়েছে: রেল উপদেষ্টা
সরেজমিন মো. আসিফ নামে স্টেশনে অপেক্ষারত এক যাত্রী জানান, তিনি ঢাকায় যাবেন। কিন্তু ট্রেন বন্ধ থাকায় স্টেশনেই অপেক্ষা করছেন। তিনি বাসে চড়তে পারেন না। তাই ট্রেন যখন ছাড়বে তখন যাবেন। তবে আগের নেয়া টিকিটের টাকা ফেরত নিয়েছেন বলেও জানান তিনি।এদিকে রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটগুলোতে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। যেসব ট্রেনের যাত্রা বাতিল হবে সেসব ট্রেনের টিকিটের টাকা যাত্রীদের ফেরত দেবে বাংলাদেশ রেলওয়ে। পাশাপাশি কেউ চাইলে বিআরটিসি বাসে যাতায়াত করতে পারবেন।
মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রী রাশেদা বেগম। অগ্রিম টিকিট নিয়েছিলেন কুমিল্লা যাওয়ার জন্য। তার রেলযাত্রাও বাতিল হয়েছে। এবার তাকে যেতে হচ্ছে বিআরটিসির বাসে। এ ব্যবস্থা তার জন্য রেলওয়ে করে দিয়েছে। তার সাথে কথা হয় বিআরটিসির দ্বিতল বাসের নিচতলায়। তবে কিছুটা ভোগান্তি হলেও রেলের এ বিকল্প ব্যবস্থায় খুশি তিনি বলেন, ‘একটা ব্যবস্থা তো হলো।’
মহানগর এক্সপ্রেস ট্রেনের আরেক যাত্রী সিদ্দিক মিয়া যাবেন ভৈরব। তিনিও বাধ্য হয়ে বিআরটিসির বাসে রওনা দিয়েছেন গন্তব্যে। তিনি বলেন, ‘দেশটা তো মগের মুলুক। এখানে এসব নিয়ে কথা বলে লাভ নাই। রেলের টিকিট নিছি এখন বাধ্য হয়ে বিআরটিসির বাসে যাচ্ছি।’রিফাত তাকে মাকে নিয়ে যাবেন লাকসাম। তার সাথে কথা হলে তিনি বলেন, ‘আমার মা বাসে চড়তে পারেন না। তিনি বাসে উঠলে বমি করেন। তাই ট্রেনের টিকিট নেয়া। এখন তো বাস ছাড়া বিকল্প নাই। তাই বাসেই যেতে হচ্ছে। বমির ট্যাবলেট নিছি মায়ের জন্য। কষ্ট হলেও যেতে হবে।’একজন যাত্রী বলেন তার গন্তব্যে বাসে যেতে রাত হয়ে যাবে। সেখানে যাওয়ার পর বাড়ি যেতে গাড়ি পাওয়া নিয়ে সন্দেহ আছে তার। তাই পরিবার নিয়ে ঝুঁকি নিতে চান না তিনি। তাই টিকিটের টাকা ফেরত নিয়ে চলে যাচ্ছেন তিনি।আমিরুল ইসলাম যাবেন ব্রাহ্মণবাড়িয়া। তিনিও মহানগর এক্সপ্রেসের যাত্রী। তিনি বলেন, ‘আমি যাবো আখাউড়া। কিন্তু এই বাস সেখানে যাবে না। এখন কি আর করার- এটাতেই যেতে হবে।’ফেণী যাবেন মায়া। তিনি বলেন, ‘আমি বাসে উঠতে পারি না। এখন ট্রেনের বদলে বাসে যেতে হচ্ছে বাধ্য হয়ে। কিছু তো করার নেই। যেতে হবে বাচ্চা নিয়ে।’
বিআরটিসি বাস ডিপোর ম্যানেজার জুলফিকার আলী বলেন, ‘যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়ার চেষ্টা করছি। ভোগান্তি কমানোর চেষ্টা করছি আমরা। আমরা কয়েকটি রুটে বাস দিয়েছি রেলের সিডিউল অনুযায়ী। যাত্রীরা ট্রেনের টিকিট দিয়ে আমাদের বাসে যেতে পারবেন। ইতোমধ্যে আমাদের চারটি গাড়ি ছেড়ে গিয়েছে। আমাদের আরও ২০টি গাড়ি প্রস্তুত আছে। প্রয়োজন অনুযায়ী রেলের সিডিউল অনুযায়ী সে গাড়িগুলো দিয়ে যাত্রী পরিবহন করা হবে।’ বিআরটিসির একটি দ্বিতল বাসে ৭৫ জন এবং একতলা বাসে ৪৫ জন যাত্রী পরিবহন করা যায়।চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান বলেন, ‘রেলওয়ের পক্ষ থেকে যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প হিসেবে বিআরটিসির বাসের মাধ্যমে সেবা দেয়া হচ্ছে। তাছাড়া যাত্রী চাইলে টিকিট রিফান্ডের সুযোগ আছে। যারা কাউন্টার থেকে টিকিট নিয়েছেন তারা কাউন্টারে টিকিট ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন। আর যারা অনলাইনে টিকিট নিয়েছেন তারা অনলাইনে রিফান্ড রিকোয়েস্ট দিয়ে টাকা ফেরত নিতে পারবেন।’এ সময় যাত্রী ভোগান্তি কমাতে ও ট্রেন চলাচলের বিষয়ে বাংলাদেশ রেলওয়ে কাজ করছে বলেও জানান তিনি।
তবে রেল চলাচল বন্ধ থাকার পরও অন্যান্য যানবাহনের ওপর কোন প্রভাব পড়েনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে জানতে চাইলে শ্যামলী পরিবহনের একে খান বাস কাউন্টার ব্যবস্থাপক উদয়ন আচার্য বলেন, ‘ট্রেন বন্ধ থাকলেও বাস ভাড়ার ওপর কোনো প্রভাব পরেনি। বাড়তি ভাড়া নেয়ার ব্যাপারে জানা নেই।’
এসডি /
