বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হওয়ার মামলায় নগরীর চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক এমপি এম এ লতিফকে দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রামের তৃতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর আদালতের পিপি মফিজুল হক ভুঁইয়া বলেন, সাবেক এমপি এম এ লতিফকে একটি মামলায় ১০ দিনের রিমান্ডে চেয়েছিল পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট নগরের নিউমার্কেট এলাকায় দুষ্কৃতকারীরা দেশিয় অস্ত্র, লাঠিসোঁটা, রড, কিরিচ নিয়ে ছাত্র জনতার ওপর হামলা করে। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাফহীমুল ইসলাম আহত হন। এ ঘটনায় ৭৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১ হাজার থেকে ১২শ জনকে আসামি করে মামলা দায়ের করেন তিনি। সাবেক এমপি লতিফ ওই মামলার ২৩ নম্বর আসামি।
