দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাধারণ সুবিধার জন্য আঞ্চলিক জোটকে কার্যকরী করতে সার্ক সচিবালয়কে আরও নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সার্ক একটি ভুলে যাওয়া শব্দ। এটাকে যদি পুনরুজ্জীবিত করা যায়, তবে এটি পুরো অঞ্চলের মানুষকে লাভবান করবে।
সোমবার( ২ ডিসেম্বর) ঢাকার তেজগাঁওয়ে তার কার্যালয়ে সার্ক মহাসচিব গোলাম সারওয়ার সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।
ড. ইউনূসকে সার্কের একজন বড় সমর্থক হওয়ার জন্য ধন্যবাদ জানান মহাসচিব সারোয়ার। তিনি বলেন, বহুপাক্ষিক সংস্থার পুনরুজ্জীবনের জন্য দক্ষিণ এশীয় নেতাদের কাছে তার সাম্প্রতিক আহ্বান তাদের উৎসাহিত করেছে।বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে প্রোগ্রামিং কমিটি, আঞ্চলিক কেন্দ্র ও বিশেষায়িত সংস্থাগুলোর পরিচালনা পর্ষদ, জলবায়ু পরিবর্তন সম্পর্কিত কর্মসূচি, এসডিজি, আঞ্চলিক সংহতকরণ, শুল্ক সহযোগিতাসহ সার্কের কার্যকরী পর্যায়ে চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন তিনি।
ড. ইউনূস ও সার্ক মহাসচিব সংস্থার উন্নততর কার্যকারিতার জন্য পররাষ্ট্র সচিব, পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য বিভাগীয় মন্ত্রীদের বৈঠক এবং এমনকি নেতাদের শীর্ষ সম্মেলনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।এ সময় সার্ক মহাসচিব সারোয়ারকে বাংলাদেশ, ভারত ও ভুটানের মতো প্রতিবেশী দেশগুলোতে নেপালের জলবিদ্যুৎ রফতানির মতো বহুপাক্ষিক বিষয়ে কাজ করার আহ্বান জানান ড. ইউনূস। জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে যোগ দেওয়ার জন্য সার্ক দেশগুলোর তরুণদের আমন্ত্রণ জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সমগ্র সার্কের উদ্দেশ্য হলো মানুষকে একত্রিত করা। এটি দরজা খোলার একটি উপায় হতে পারে।
সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান প্রধান উপদেষ্টার
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।
