সাম্প্রতিক বন্যায় ক্ষত -বিক্ষত হয়ে চলাচলে অনুপযোগী হয়ে পড়ে ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের ইসলামপুর গ্রামের একটি সড়ক।
পাঁচ কিলোমিটার দৈর্ঘ্য সড়কটি থেকে বন্যার পানি নেমে গেলেও ভাঙ্গন রেখে যায়। যার কারণে বিগত এক সপ্তাহ ধরে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে গ্রামের হাজার হাজার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন। পরে নিরুপায় হয়ে সড়কটি মেরামতের উদ্যোগ নেন স্থানীয়রা।
সোমবার (২৬ আগস্ট) গ্রামের শত শত মানুষ স্বেচ্ছাশ্রমে সড়কটি মেরামতে হাত দেন। সকাল থেকে কাজে নেমে পড়েন শত শত মানুষ। কাজে নিয়োজিতদের কারো হাতে দা, আরো হাতে কোদাল, কেউবা হাজির হয়েছেন মাটি তোলার সরঞ্জাম বেলচা নিযে।
বেলা বাড়ার সাথে পাল্লা দিযে উপস্থিতিও বাড়তে থাকে। নিজেদের চলাচলের একমাত্র রাস্তা সংস্কারে যুক্ত হয়েছেন এলাকার সব শ্রেণী পেশার মানুষ।এমনকি কিশোর – যুবকদের পাশাপাশি মনের আনন্দে নিজ হাতে মাটি কেটেছেন বয়োবৃদ্ধরাও।
সংস্কার কাজে অংশ নেয়া বরশ কয়েকজনের সাথে কথা হলে তার জানান, ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে উৎসবের আমেজে সবাই কাজ করেছেন। এতে অর্থিক সহযোগিতা ছাড়াও কেউ দিয়েছেন বাঁশ, কেউবা গাছ, অনেকে বালির বস্তা। এভাবেই সবাই যার অবস্থান থেকে এগিয়ে এসেছেন।
স্থানীয় বাসিন্দা শফিউল আজম চৌধুরী বলেন, সড়কটি স্থানীয়দের চলাচলের একমাত্র মাধ্যম। বন্যায় এটি ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পড়েন এলাকার মানুষ। সরকারী প্রসেস দেরী হবে এমন চিন্তা মাথায় রেখে সড়কটি দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়।
স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, ‘বন্যা পরবর্তী ২ নং ওয়ার্ডের সবকটি ক্ষতিগ্রস্ত সড়কের চাহিদা সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছি। প্রক্রিয়াগত কারনে সরকারী উন্নয়ন দেরী হতে পারে এমন চিন্তা থেকে এলাকাবাসী উদ্যোগ নিয়ে সড়কটি মেরামত করেছেন। এ জন্য তাদের সাধুবাদ জানাই।
