চট্টগ্রাম নগরীর নিউমার্কেট বিপণী বিতান শপিং মলের একটি সোনার দোকান থেকে ২২ ভরি ওজনের ৬টি নেকলেস চুরি করে বিদেশ পালানোর সময় এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ মে) ঢাকা এয়ারপোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই কর্মচারীর নাম চন্দন ধর (৪৪)। সে চট্টগ্রাম রাঙ্গুনিয়া থানাধীন মধ্য বেতাগী বনিক পাড়া ৩নং ওয়ার্ড এর ৭নং বেতাগী ইউনিয়নের গৌরাঙ্গ চন্দ্র ধরের ছেলে। তিনি বিপণিবিতান শপিং মলের চৌধুরী জুয়েলার্সের কর্মচারী ছিলেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক জানান, গত ২৩ মার্চ চৌধুরী জুয়েলার্সের কর্মচারী চন্দন ধর ২২ ভরি ওজনের ৬টি সোনার নেকলেস চুরি করে পালিয়ে যায়। ঘটনা টের পেয়ে দোকান মালিক কাঞ্চন মল্লিক থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২ এপ্রিল মামলা নেয় থানা পুলিশ।
তিনি আরও বলেন, মামলার তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে বিদেশ পালানোর চেষ্টাকালে আসামি চন্দন ধরকে শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী নগরীর হাজারী গলি এবং হাটহাজারীর মদুনাঘাট এলাকা থেকে ১৪ ভরি ৪ আনা ওজনের সোনা উদ্ধার করা হয়।
