ফটিকছড়ি পৌর সদর বিবিরহাট বাজারে যানজট নিরসনে স্থানীয় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঠ ব্যবহার করে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন মেয়র ইসমাইল হোসেন।
রমজান মাসে বাজারে যান চলাচল নির্বিগ্ন করতে তিনি এ উদ্যোগ নেন।এছাড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও অলি- গলি দখল করে সৃষ্টি হওয়া ভাসমান দোকানগুলো উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেন মেয়র নিজে। পাশাপাশি দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে মাইকিং করা হয় পৌরসভার বৃহৎ এ বাজারে।
জানা যায়, বিবিরহাট বাজারের ভিতরে প্রবেশককরী গাড়িগুলো সড়কের উপর যত্রতত্র পার্কিং করার কারনে যানজট সৃষ্টির প্রধান অন্তরায়।
এ থেকে উত্তোরণের জন্য বিকল্প হিসেবে বাজারের দক্ষিনে ঈদগাহ মাঠ, উত্তরে কলেজ ও মধ্যখানে সিনিয়র মাদ্রাসা মাঠ ব্যবহার করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পৌরসভা।
বৃহস্পতিবার (২১ মার্চ )দুপুরে কলেজ রোডে গিয়ে দেখা যায় যত্রতত্র পার্কিং করা গাড়ি গুলো সরিয়ে নিতে পৌরসভার একদল শ্রমিক কাজ করছে।
কাজে নিয়োজিত শ্রমিকরা গাড়ির মালিক – চালকদের বিষয়টি বুঝিয়ে দিচ্ছেন। কেউ অবাধ্য হলে তাকে সোপর্দ করা হচ্ছে থানায়। এসব কাজ উপস্থিত থেকে তদারকি করছেন মেয়র।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মেয়র ইসমাইল হোসেন বলেন প্রতি বছর পাল্লা দিয়ে যানবাহন বাড়ছে। তবে সে তুলনায় সড়ক প্রশস্থ হয়নি। এমনিতেই বিবিরহাট বাজারে যানজট নিত্যসঙ্গী । তার উপর রমজানের অতিরিক্ত চাপ। তাই বিকল্প পার্কিং করে পৌর সদরকে যানজট মুক্ত রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
এদিকে, উপজেলা সদর ও পৌরসভার প্রধান বাজারের যানজট নিরসনে মেয়রের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।
