সাতকানিয়ায় উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, ঘরের অন্যান্য জিনিসপত্রসহ ৭৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড তেমুহানি নয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত ঘরগুলোর মালিকরা হলেন, আবু ইউসুফ, আহমদ শফি, মো. হারুন, মাহমুদুল হক, মো. লোকমান, মো. ইব্রাহিম, জসিম উদ্দিন, আবু তাহের, বজল করিম, মোজাম্মেল হক, দেলোয়ার হোসেন, আবু তৈয়ব ও শহিদুল ইসলাম।
স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. লোকমান হাকিম বলেন, রান্না ঘরের চুল্লি দিকে আগুনের সূত্রপাত হয়। টিনের চালা, সেমি পাকা, কাঁচা ও বেড়ার ঘর এক ঘণ্টার মধ্যে পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরও বলেন, আগুন লাগার সাথে সাথে পুকুরে ৪ টি সেচ পাম্প বসিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। যার কারনে আগুন বেশি ছড়িয়ে পড়তে পারেনি। পরে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দেলোয়ার হোসেন বলেন, ৫ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, আসবাবপত্র ও ঘরের অন্যান্য জিনিসপত্রসহ ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে আমরা খোলা আকাশের নিচে মানবেতর কাল যাপন করলেও এখনও কোনো সরকারি- বেসরকারি সহায়তা আমরা পায়নি।
সাতকানিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা হুমায়ুন কার্ণায়েন বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
