চট্টগ্রামের সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিনের নেতৃত্বে উপজেলার পৌরসদর বাজার এলাকায় অনুমোদনবিহীনভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি, সংরক্ষণ এর দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে লাইসেন্স বিহীন দোকান পরিচালনা, অনুমোদনবিহীন গ্যাস সিলিন্ডার বিক্রি ও সংরক্ষণ, অপরিষ্কার ও অপরিচ্ছন্নভাবে খাবার হোটেল চালনা, অবৈধ পার্কিং সহ বিভিন্ন অপরাধে ৭ টি মামলায় মোট ৪৯৫০০ টাকা (ঊনপঞ্চাশ হাজার পাঁচশত টাকা) জরিমানা করা হয়েছে।
এসময় পৌরসদরের জে এ এন্টারপ্রাইজকে ৫ হাজার, মায়াবি রেস্তোরাঁ ৮ হাজার, ভাই ভাই হোটেল ৮ হাজার, জাফর ইলেকট্রনিকস ১০ হাজার, সাগর ভাতের হোটেল ১০ হাজার, বেলাল পোল্ট্রি ৮ হাজার ও সিএনজি ড্রাইভার মালেককে ৫ শত টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল, মোঃ জাহাঙ্গীর আলম, ওয়ারহাউস ইন্সপেক্টরসহ সীতাকুণ্ড থানার একটি প্রতিনিধি দল।
ফায়ার স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল বলেন, বর্তমানে যত্রতত্র সিলিন্ডার বিক্রি, ফায়ার লাইসেন্স না থাকা এছাড়া অগ্নিনির্বাপণ যন্ত্র ও গ্যাস সিলিন্ডার বিক্রি করতে হলে বিস্ফোরক লাইসেন্সের প্রয়োজন হয়।
এসব না থাকায় ৭টি প্রতিষ্ঠানকে ৪৯ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন বলেন, বাজার নিয়ন্ত্রণে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
