রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডে মারা যাওয়া স্ত্রী-সন্তানসহ কাস্টমস কর্মকর্তার মরদেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি কক্সবাজারের উখিয়ার উদ্দেশে রওনা হয়েছে।
শনিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে ঢাকা জেলা প্রশাসন।
নিহতরা হলেন- উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পূর্ব গোয়ালিয়া পালং গ্রামের বীর মুক্তিযোদ্ধা ডাঃআবুল কাশেমের মেঝ সন্তান কাস্টমস কর্মকর্তা শাহ জালাল উদ্দিন, তার স্ত্রী মেহেরুন নেছা হেলালি মিনা (২৪) ও তিন বছরের মেয়ে ফাহিরুজ কাশেম জামিরা।
জানা গেছে, আগামীকাল রবিবার সকাল ১১টায় নিহতদের জানাজা কক্সবাজারের উখিয়ার মরিচ্যা মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
নিহত রাজস্ব কর্মকর্তার শ্বশুর মুক্তার আলম হিলালী বলেন, আমার মেয়ে জামাই ও তার সাড়ে তিন বছরের মেয়ের মরদেহ জেলা প্রশাসন আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তাদের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি কক্সবাজারের উখিয়া থানা এলাকার উদ্দেশে রওনা হয়েছি।
