চট্টগ্রামের পটিয়ায় ঢাকাগামী স্পেশাল ট্রেনের ধাক্কায় দুটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এসময় দুই সিএনজিচালক চালক গুরতর আহত হয়েছেন।
বুধবার (২৮ ফেব্রুযারি) রাত সাড়ে নয়টার দিকে পটিয়া স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- মো. আমীর আলম (৫৫) ও মো. বেলাল (৫০)। তাদের উদ্ধার করে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। গুরুতর হওয়ায় পরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী কক্সবাজার স্পেশাল ট্রেনটি রাত সাড়ে নয়টার দিকে পটিয়া স্টেশন অতিক্রম করার সময় রেল লাইনের উপরে রাখা সিএনজি দুটি দ্রুত সরাতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে। এসময় ট্রেনের আঘাতে দুটি সিএনজি চুরমার হয়ে যায়। দুমড়ে-মুচড়ে উল্টে গিয়ে রেল লাইনের পাশে পড়ে। এতে সিএনজি দুটির চালক গুরুতর আহত হন।
পটিয়া রেলস্টেশনের অতিরিক্ত দায়িত্বে থাকা স্টেশন মাস্টার শেখ আহমদ জানান, এখানে অবৈধভাবে সিএনজির পার্কিং বানানোর ফলে স্টেশন এলাকায় যানজট লেগে থাকে। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
পটিয়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, রাতে পটিয়া রেল স্টেশনে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ধুমরেমুছরে যাওয়া একটি সিএনজি গাড়ি থানায় নিয়ে আসা হয়েছে। সকালে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।
