চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে হকার ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
হকার নেতা মিরন হোসেন মিলন জানান, তাদের একজন হকার গুলিবিদ্ধ হয়েছে। এ ছাড়া আরও ১০-১২ জন হকার আহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক জানান, স্টেশন রোড এলাকায় সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানের পর কতিপয় হকার আবারও সড়ক ও ফুটপাত দখল করে দোকান বসানোর চেষ্টা করে। পুলিশ বাধা দিলে হকাররা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এতে পুলিশের সঙ্গে হকারদের সংঘর্ষ হয়। সংঘর্ষে ৪/৫ জন পুলিশ আহত হয়েছে।
বর্তমানে পরিস্থিতি শান্ত এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।
