আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।
সোমবার (২২ জানুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের বৈঠক শেষে রাতে গণভবনের গেটে সাংবাদিকদের এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী, দলীয় প্রার্থী সব মিলিয়ে নেতাকর্মীদের মধ্যে যে মনোমালিন্য তার রেশ এখনো রয়ে গেছে কিছু কিছু জায়গায়। তা দূর করতে আমাদের দলের বিভাগীয় কমিটির সংশ্লিষ্ট সকলকে ডেকে এনে তা সমাধানের কথা বলা হয়েছে।
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সংরক্ষিত নারী আসনের বিষয়টি এখনো সিদ্ধান্ত হয়নি তবে দলে খুব দ্রুত দলীয় বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হবে। দলের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে দলের সভাপতি সিদ্ধান্তই চূড়ান্ত।
