ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সাইন্স বিভাগের একাডেমিক জট নিরসন ও স্থায়ী শিক্ষক নিয়োগের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ৬০ থেকে ৭০ জন শিক্ষার্থী মাথায় ও শরীরে সাদা কাপড় জড়িয়ে অবস্থান নেন।
এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হাতে ‘বয়স গেল শেষ হয়ে, কী করব আর অনার্স করে; ‘ক্রীড়া বিজ্ঞানে জট কেন? শাসন জবাব চাই’; ‘একাডেমিক ক্যালেন্ডার চাই’ ইত্যাদি স্লোগান–সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহেরাব হোসেন বলেন, আমাদের বিভাগের যাত্রা শুরু হয়েছে আজ থেকে আট বছর আগে কিন্তু এখন পর্যন্ত বিভাগ থেকে একটা ব্যাচও বের হতে পারে নাই। এছাড়াও আমাদের কোন স্থায়ী ভবন নেই, শিক্ষক নিয়োগ নেই। আমাদের বর্তমানে ভাসমান ভাবে ক্লাস এবং পরীক্ষা দিতে হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.নূরুল আজিম সিকদার বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছি। তাদের দাবিগুলো নিয়েও কথা বলছি।
