দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর টানা চতুর্থবারের মতো মন্ত্রিসভা গঠন করেছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দিকে বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠান শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দফতর বণ্টন করেন প্রধানমন্ত্রী। তবে কয়েকটি মন্ত্রণালয় নিজের কাছেই রেখেছেন তিনি।
প্রধানমন্ত্রী নিজেই যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন সেগুলো হলো- মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্য ৩৭ জন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৫ জন। এর মধ্যে দুজন টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন)। এ ছাড়া ১১ জন প্রতিমন্ত্রী হচ্ছেন।
