কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে প্রথমবারের মতো চালু হলো ছাদখোলা ট্যুরিস্ট বাস।
বুধবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় কক্সবাজার শহরের লাবনী মোড় থেকে শুরু হয় এ বাসের যাত্রা। বাসটি মেরিন ড্রাইভের বেশ কয়েকটি পর্যটন স্পট ভ্রমণের পর গিয়ে থামে টেকনাফের সাবরাংয়ে। এভাবে পুরো দিন মেরিন ড্রাইভে কাটিয়ে সন্ধ্যায় আবারও ছাদখোলা ট্যুরিস্ট বাসে চড়ে ফিরে আসেন ভ্রমণপিপাসুরা।
কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন বলেন, যাত্রী চাহিদা বাড়লে আরও বাড়ানো হবে ছাদখোলা ট্যুরিস্ট বাস। প্রথম দিকে দুটি বাস দিয়ে যাত্রা শুরু হলো। আশা করি, আরও দুটি ট্যুরিস্ট বাস খুব শিগগির যুক্ত হবে। এই বাস চালুর মাধ্যমে কক্সবাজারের পর্যটনশিল্প আরও এক ধাপ এগিয়ে গেল।
তিনি বলেন, সারি সারি ঝাউগাছ, মাঝে দীর্ঘ ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ। দুই পাশে রয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য, যা মুগ্ধ করে ভ্রমণপিপাসুদের। এ কারণে প্রতিদিনই এই মেরিন ড্রাইভে ভ্রমণে যান হাজারো ভ্রমণপিপাসু। তাদের জন্য এই বাস। এই বাসটিতে এক দিনের এই প্যাকেজে জনপ্রতি খরচ হবে আপার ডেকে ৭০০ টাকা আর লোয়ার ডেকে ৬০০ টাকা। এ বাসের টিকিট মিলবে লাবনী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে।
