দ্বাদশ সংসদ নির্বাচনের আগের দিন এবং বিএনপি-জামায়াতের ডাকা হরতাল শুরুর পর সন্ধ্যায় চট্টগ্রামসহ দেশের তিন জায়গায় আগুনের খবর পেয়েছে ফায়ার সার্ভিস। অন্য দুটি স্থান হলো- ময়মনসিংহ সদর এবং একই জেলার মুক্তাগাছা উপজেলা।
আজ শনিবার সন্ধ্যায় এক বার্তায় এ তথ্য জানায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যায় সাড়ে ছয়টায় চট্টগ্রামের কালুরঘাট বিসিক বাদামতলা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্ত। এর পাঁচ মিনিট পর কালুরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
এদিকে সন্ধ্যায় ছয়টা ৪০ মিনিটে ময়মনসিংহ সদরের নতুন বাজারে একটি প্রাইভেটকারে আগুন দেয় দুর্বৃত্ত। খবর পেয়ে পাঁচ মিনিটের মধ্যে ময়মনসিংহ ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
এর ১৫ মিনিট পরই জেলার মুক্তাগাছা উপজেলা থেকে আগুনের খবর আসে। ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যায় ছয়টা ৫৫ মিনিটে মুক্তাগাছার মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্ত। খবর পেয়ে ১০ মিনিট পর মুক্তাগাছা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
তবে আগুন গুলোর ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
