মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম নিউজ ডটকম এর রাঙ্গুনিয়া প্রতিনিধি সাংবাদিক ও প্রকৌশলী মোঃ ইমরান হোসাইন এর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সে চট্টগ্রাম নিউজ ডটকম, জাতীয় দৈনিক আমাদের সময় পত্রিকার রাঙ্গুনিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সরফভাটা ইউনিয়নের সিকদার পাড়া জামে মসজিদ মাঠে এ সাংবাদিক এর জানাজা অনুষ্ঠিত হয়।এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।
তাঁকে শেষ বিদায় জানাতে বিভিন্ন সংগঠন ও গণমাধ্যমের সংবাদকর্মীসহ আত্মীয়-স্বজন, পরিবারের মানুষ, ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ জানাজায় শরীক হন ।
জানাজা’র আগে শোক প্রকাশ করে বক্তারা বলেন, সাংবাদিক ইমরান একজন সৎ ও মেধাবী ছেলে। সে একজন দক্ষ প্রকৌশলী। বেপরোয়া গতির চাঁদের গাড়ি তাঁকে চাপা দিয়ে হত্যা করেছে। এটি সড়ক সড়ক দুর্ঘটনা নয় হত্যাকাণ্ড । এমন হত্যাকাণ্ডের যেন পুনরাবৃত্তি না হয় এবং অতিসত্বর এই বেপরোয়া যান বন্ধ করার দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে কাপ্তাই সড়কের রোয়াজারহাট এলাকায় জ্বালানি কাঠ বোঝাই দ্রুতগামী একটি চাঁদের গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইমরানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর ।
নিহত ইমরান উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ড সিকদারপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে ।
