চট্টগ্রামের রাঙ্গুনিয়া-কাপ্তাই সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ২টি ড্রাম ট্রাক ও ১টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার দুটি পৃথক ঘটনা ঘটেছে। মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ও চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নে এ দুটি পৃথক ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
বুধবার (১ নভেম্বর) ভোররাত ৪টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চৌধুরী গোট্টা এলাকায় ২টি ড্রাম ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে ও কয়েকটি সিএনজি অটোরিকশা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এর আগে একইরাতে ২টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের সেলিমা কাদের কলেজগেট এলাকায় ১টি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ ও ফায়ার সার্ভিস। তবে ঘটনাস্থলে দুর্বৃত্তদের কাউকেই পাওয়া না যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর পর সড়কের গাছ সরিয়ে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, “ট্রাকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকের আগুন নেভানো হয়। আগুন নেভানোর পর প্রায় এক ঘন্টার চেষ্টায় সড়ক থেকে কেটে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এছাড়াও সেখানে আগুন নিয়ন্ত্রণ করা দুটো ট্রাকের মধ্যে একটি ট্রাক ও ৩টি সিএনজি ভাংচুর করেছে দুর্বৃত্তরা”।
জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি তদন্ত খান নুরুল ইসলাম বলেন, “বুধবার রাতে মোটরসাইকেল ও ট্রাকে আগুন ধরিয়ে দেওয়ার দুটি পৃথক ঘটনার ঘটনাস্থলে কাউকেই পাওয়া যায়নি। এ বিষয়ে এখনও কোনো মামলা দায়ের হয়নি তবে মামলা প্রক্রিয়াধীন”।
