চট্টগ্রামে মিরসরাইয়ে জামায়াত-বিএনপি ডাকা হরতালের প্রভাব তেমন একটা লক্ষ্য করা যায়নি। সকাল থেকে দূরপাল্লার বাস চলাচল না করলেও মহাসড়কে চলেছে হালকা যানবাহন। বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে যানবাহন চলাচলও।
সরেজমিনে রোববার (২৯ অক্টোবর ) উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ২৯ কিলোমিটার ঘুরে দেখা গেছে, সড়কের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা হরতাল বিরোধী কঠোর অবস্থা নেন।
অন্যদিকে হরতালের পক্ষে জামায়াত-বিএনপির কোন নেতা কর্মী মহাসড়কে অবস্থান নিতে দেখা যায়নি। সকাল থেকে মহাসড়ক ফাঁকা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে মহাসড়কের যান চলাচল।
এদিকে উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিঠুর নেতৃত্বে সকাল ৮টায় বড়দারোগা হাট বাজার থেকে মিঠাছড়া বাজার পর্যন্ত প্রায় ৫শ মোটরসাইকেল যোগে হাজার নেতাকর্মী নিয়ে হরতাল বিরোধী বিভিন্ন স্লোগানে স্লোগানে মোটরসাইকেল শোডাউন করেন।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্তক অবস্থানে আছে।
